শিরোনাম

বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা নেপালের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা নেপালের
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নিয়ম ও কাজের নির্দেশনা জারি করেছে নেপাল সরকার। একই সঙ্গে বন্যাকবলিত অঞ্চলগুলোতে সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশি সাংবাদিকদের জন্য 'প্রেস এক্রিডিটেশন' নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে একটি হিমবাহ ধসে উজান থেকে আসা ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের বহু গ্রাম ও শহর ভেসে যায়। ভোতেকোশি নদীর পানি বাড়ায় নদী সংলগ্ন এলাকার বাড়িঘর, যানবাহন, রাস্তাঘাট, সেতু ও বেশ কিছু জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ৩৪৪ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

এমন পরিস্থিতিতে উদ্ধারকাজ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়াকড়ির কথা জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অবশ্যই বৈধ প্রেস পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তা ও উদ্ধারকারীদের নির্দেশনা মেনে নির্ধারিত পথে চলাচল করতে হবে এবং কর্তৃপক্ষ এলাকা ছাড়ার নির্দেশ দিলে তা সঙ্গে সঙ্গে মানতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, উদ্ধার অভিযান চলছে এমন এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। উদ্ধারকাজে কোনো ধরনের বাধা তৈরি করা কিংবা সংরক্ষিত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করতে এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

এদিকে বিদেশি সাংবাদিকদের জন্য আলাদা নির্দেশনা জারি করেছে নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগ। ভোতেকোশি ও ত্রিশূলী নদীর আশেপাশের বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি সাংবাদিকদের অনলাইনে 'প্রেস এক্রিডিটেশন' ও কার্ডের জন্য আবেদন করতে হবে।আবেদনের সঙ্গে পাসপোর্টের কপি, বৈধ ভিসা বা প্রবেশ অনুমতি, নিজ সংবাদমাধ্যমের সুপারিশপত্র এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি সাংবাদিকদের দেওয়া এ বিশেষ এক্রিডিটেশন ও পরিচয়পত্র সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এমএকে/