শিরোনাম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তাকর্মী নিহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তাকর্মী নিহত
দক্ষিণ থাইল্যান্ডে গুলি ও বোমা হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাক। ছবি: জেরুজালেম পোস্ট

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এক তল্লাশি চৌকিতে (চেকপয়েন্ট) ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন আধাসামরিক সেনা নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) রাতের এই হামলায় দুই শিশুসহ আরও ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে।

সামরিক সূত্রের বরাতে জানা যায়, বুধবার রাতে পিকআপ ট্রাক ও মোটরসাইকেলে করে আসা প্রায় ১০ জনের একটি সশস্ত্র দল নারাথিওয়াতের রাস্তার পাশের চেকপয়েন্টে হামলা চালায়। হামলাকারীরা সামরিক অস্ত্র ও বোমা ব্যবহার করে এলোপাতাড়ি গুলি ও বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ সেনা।

পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা চেকপয়েন্ট থেকে তিনটি একে-৪৭ রাইফেল, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং বেশ কয়েকটি মোবাইল ফোন লুটে নেয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকটি পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে থাই সরকার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছে। এই আক্রমণ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি এবং এ অঞ্চলের শান্তি প্রচেষ্টায় বড় বাধা বলে মন্তব্য করেছে সরকার।

মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাতানি, ইয়ালা, নারাথিওয়াত এবং সোংখলার কিছু অংশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। সংঘাত পর্যবেক্ষক সংস্থা ডিপ সাউথ ওয়াচ এর তথ্যমতে, ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত ৭ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১৩ সালে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হলেও তা থমকে ছিল। তবে সম্প্রতি প্রধান বিদ্রোহী দল বারিসান রেভোলুসি ন্যাসিওনাল(বিআরএন) এর সঙ্গে পুনরায় আলোচনায় বসার ঘোষণা দিয়েছে থাই সরকার।

সূত্র: রয়টার্স

/এমএকে/