শিরোনাম

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে তথ্য দেয়নি চীন: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে তথ্য দেয়নি চীন: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জুলাইয়ে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার আগে চীন ইরানকে কোনো স্যাটেলাইট ছবি বা তথ্য দেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনকে খারিজ করে দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ও বেইজিং একে অপরকে নিয়মিত নজরদারিতে রাখছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘তারা মূলত সেটাই করছে যা আমরাও করে থাকি। যখন বলা হয় চীন আমাদের ওপর নজর রাখছে, তখন আমি বলি আপনারা ঠিকই বলেছেন, কারণ আমরাও তাদের ওপর একইভাবে নজর রাখছি।’

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত জুলাইয়ে জর্ডানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার আগে একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘাঁটির স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল ইরান। হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে বিষয়টি তুলবেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‌‌‘আমার মনে হয় তিনি যথেষ্ট ভালো আচরণ করেছেন। আমরাও তার সঙ্গে ইতিবাচক আচরণ করে যাচ্ছি।’ আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে, যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর

/এমএকে/