শিরোনাম

৩০ উপজেলার শিশুরা পাবে জরুরি টিকা

নিজস্ব প্রতিবেদক
৩০ উপজেলার শিশুরা পাবে জরুরি টিকা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ পর্যন্ত ১৮ জেলার ৩০ উপজেলায় প্রাথমিকভাবে হামের উচ্চ সংক্রমণ হার দেখা গেছে। এসব এলাকার শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

রবিবার (৫ মার্চ) এই জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগ ও একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ৩০ উপজেলার তালিকা পাওয়া গেছে। এগুলো হচ্ছে– বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় জানিয়েছে, দেশে প্রতি ১০ লাখ মানুষে হামের সংক্রমণ ১৬ দশমিক ৮। এই সংক্রমণকে অনেক বেশি বলে সংস্থাটি মনে করছে।

সংক্রমণ হার সবচেয়ে বেশি দক্ষিণের জেলা বরগুনায়। এখানে এ বছর ২৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ২৯৫। দ্বিতীয় স্থানে পাবনা সদর উপজেলা। এখানে ৩২ শিশু হামে আক্রান্ত হয়েছে, সংক্রমণ হার ১৮০। তৃতীয় স্থানে চাঁদপুর সদর উপজেলা। এখানে এ পর্যন্ত ২৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, সংক্রমণ হার ১৪৪।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক ৯৪৭ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

/এফসি/