হাম ও উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এসবি/