ইসলামের বুকে ছুরি মারবেন না, জামায়াতকে রাশেদ খাঁন

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ইসলামের বুকে ছুরি মারবেন না, জামায়াতকে রাশেদ খাঁন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের কর্মকাণ্ড ও কথাবার্তার সঙ্গে ইসলামের একধরনের বৈসাদৃশ্য রয়েছে। জামায়াতে ইসলামী যেহেতু নিজেদের ইসলামী রাজনীতির অনুসারী বলে দাবি করে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়, সেহেতু তাদের বলবো, ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলামের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামকে পুঁজি করে ও ইসলামী লেবাস ধারণ করে যারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছেন, তাদের কর্মকাণ্ড উন্মোচন করেছেন তিনি। এতে বিভ্রান্ত হওয়া অনেক মানুষ সচেতন হয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিতরণের নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছিল, সেই বিভ্রান্তি দূর করে মানুষকে সচেতন করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরকে ধন্যবাদ জানাই। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী বলেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শিখুন। আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। দেশের জনগণ জামায়াতের কাছ থেকে এমনটা প্রত্যাশা করে না।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বলেছেন, সবার এই সরকারকে সহযোগিতা করা উচিত। সাত মাসের এই সরকারের বিরুদ্ধে সহযোগিতা না করে কেন লংমার্চ করা হচ্ছে, সেই প্রশ্নও তিনি আমাদের কাছে তুলেছেন।

রাশেদ খাঁন বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছেন, তাদের সবার দায়িত্ব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।

তিনি বলেন, এই মুহূর্তে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতে ইসলামীর কোনো মনোযোগ নেই। ইসলামকে পুঁজি করে, মানুষকে বিভ্রান্ত করে এবং মুনাফিকির আশ্রয় নিয়ে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, জামায়াতে ইসলামী সেই চেষ্টা করছে।

এসময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসবি/