শিরোনাম

চিকিৎসা শিক্ষার মান বাড়াতে এনাটমিক্যাল সোসাইটির উদ্যোগ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
চিকিৎসা শিক্ষার মান বাড়াতে এনাটমিক্যাল সোসাইটির উদ্যোগ
এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (এএসবি) আয়োজিত কর্মশালায় বিশেষজ্ঞরা

দেশে চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে আন্ডারগ্রাজুয়েট এমবিবিএস কারিকুলাম এবং অপারেশনাল ম্যানুয়ালের মধ্যে সামঞ্জস্যতা আনা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তা নিশ্চিত করার লক্ষে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (এএসবি) আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানের মোট ২৫৫ জন এনাটমিস্ট অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এএসবি সভাপতি অধ্যাপক ডা. শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. আফরোজা আহমেদ। সদস্য-সচিব হিসেবে ছিলেন ডা. গোলাম মোস্তফা খান।

চিকিৎসা শিক্ষার মান বাড়াতে এনাটমিক্যাল সোসাইটির উদ্যোগ 1
এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (এএসবি) আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী চিকিৎসকরা

আলোচনায় বক্তারা চিকিৎসা শিক্ষার মৌলিক ভিত্তি হিসেবে কারিকুলাম এবং অপারেশনাল ম্যানুয়ালের মধ্যকার সমন্বয়কে একটি অপরিহার্য ও নির্দেশনাত্মক দলিল হিসেবে অভিহিত করেন।

বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে আন্ডারগ্রাজুয়েট এমবিবিএস কারিকুলামে টিচিং এইড হিসেবে ক্যাডাভার, প্রসিক্টেড পার্টস, বোনস, ভিসেরা, হিস্টোলজিক্যাল স্লাইডস, মাইক্রোস্কোপ, প্রজেকশন মাইক্রোস্কোপ এবং ভার্চুয়াল অ্যানাটমি ডিসেকশন টেবিল ব্যবহারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এর পাশাপাশি সেকেন্ডারি বা রিলেটেড টিচিং টুলস হিসেবে ফ্লিপ চার্ট, ফটোগ্রাফ, এক্স-রে, সিটি স্ক্যান ফিল্ম, প্রিজার্ভড স্পেসিমেন ও লাকি স্লাইড ইত্যাদির ব্যবহার অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে গভীর উদ্বেগের বিষয় হলো– বর্তমান অপারেশনাল ম্যানুয়ালে এসব বিষয়ের পূর্ণাঙ্গ প্রতিফলন বা পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কারিকুলাম ও মাঠপর্যায়ে বাস্তবায়নের মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে, যা শিক্ষার্থীদের সঠিক ও মানসম্মত পাঠদান প্রক্রিয়ায় কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে।

এসব অসঙ্গতি দূর করতে এএসবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তফা কামাল বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে কারিকুলাম ও বাস্তবায়ন কাঠামোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরও কার্যকর ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

দিনব্যাপী এ কর্মশালায় আলোচকরা বিভিন্ন প্রয়োজনীয় ও সময়োপযোগী পরিবর্তনের পক্ষে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। সনদপত্র বিতরণ এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।

অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার সুপারিশগুলো দ্রুত বাস্তবায়িত হলে দেশের চিকিৎসা শিক্ষার মান আরও উন্নত হবে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বমানের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এফসি/