শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫৮
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও রোগের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে। রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুবরণ করেছে। হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় দুই এবং সিলেট ও বরিশালে একটি করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে আরও ৯০ জন রোগীর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ৮৭৯ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৯৮০ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৪ শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৬০৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/