শিরোনাম

হাম ও উপসর্গে আবার একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু, মোট ৫৪৫

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আবার একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু, মোট ৫৪৫
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিটিজেন জার্নাল

হাম ও উপসর্গে নিয়ে দেশজুড়ে আবারও একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে এই রোগ ও উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু মারা গেছে। এর আগে, চলতি মাসের ৪ তারিখেও একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৭ শিশু, সিলেট বিভাগের ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ২ জন করে এবং ময়মনসিংহের এক শিশু রয়েছে।

একই সময়ে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪০৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৫১ হাজার ৫৮৫ জন। এসব রোগীর মধ্যে গত ৭১ দিনে হামে আক্রান্ত হয়ে মোট ৮৭ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৫৮ শিশু। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬১৯ জন।

/এফআর/