শিরোনাম

বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান
(ডানে) অভিনেত্রী জয়া আহসান।

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলা বন্যাকবলিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ফেসবুকে দীর্ঘ বার্তায় জয়া লেখেন, ‘গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারি হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ, আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের জলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে।’

বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান (1)
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বন্যার পানি নেমে যাওয়ার পর বিপদ আরও বাড়ে। সে বিষয়ে সতর্ক করে জয়া লিখেছেন, ‘মানুষের এই লড়াইটা শুধু পানি কমার নয়। আসল যুদ্ধটা হয়তো শুরু হবে পানি নেমে যাওয়ার পর। পানি কমলেই ধেয়ে আসবে নানা রকম পানিবাহিত রোগব্যাধি। এই সময়ে আমাদের একটুখানি অসচেতনতা কিন্তু আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দয়া করে এখন থেকেই সবাই সর্বোচ্চ সতর্ক হোন। নিরাপদ পানি ও শুকনো খাবারের পাশাপাশি আমাদের একটু বাড়তি নজর দিতে হবে আমাদের চারপাশের সবচেয়ে সংবেদনশীল মানুষগুলোর প্রতি, আমাদের ঘরের এবং আশেপাশের বৃদ্ধ মানুষগুলো, গর্ভবতী মায়েরা আর কোমলমতি শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়। নোংরা পানি আর স্যাঁতসেঁতে পরিবেশ থেকে ওদের একটু আগলে রাখুন। ওদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নিন।’

প্রাণীপ্রেমী হিসেবে পরিচিতি জয়া মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের দিকেও খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের আশেপাশের অবলা গৃহপালিত প্রাণীগুলোর কথা ভুলবেন না যেন। বিপদের এই দিনে ওরা তো মুখে ফুটে কষ্টের কথা বলতে পারে না। বুকফাটা আর্তনাদ নিয়েও ওরা শুধু চেয়ে থাকে। আপনার সাধ্যমতো ওদের একটু নিরাপদ শুকনো জায়গা দিন, একটুখানি খাবার দিন। ওরাও তো আমাদের এই প্রকৃতিরই অংশ, আমাদের পরিবারের মতোই।’

বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান ৩
অভিনেত্রী জয়া আহসান।

এমন দুর্যোগে মানবতা ও মনুষত্যের সর্বোচ্চ প্রমাণ রাখা উচিত মন্তব্য করে জয়া আরও লিখেছেন, ‘দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মনুষ্যত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি এই কঠিন সময় ঠিকই কেটে যাবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। প্রার্থনা আর ভালোবাসা সবার জন্য।’

/এফআর/