শিরোনাম

কারিনার মতো একই রোগে আক্রান্ত ডিজে সনিকা

বিনোদন ডেস্ক
কারিনার মতো একই রোগে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস এ-তে আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে গায়িকা নিজেই অসুস্থতার খবর জানান।

গায়িকা বর্তমানে বনানীর ইয়োর্ক হসপিটালে ভর্তি আছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করেন সনিকা। ক্যাপশনে লেখেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ পোস্টের সাথে একটি সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।

গায়িকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিকমাধ্যমে পোস্ট করছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ডিজে ক্যারিয়ার শুরু করেন সনিকা। ২০১১ সালের আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সাড়া ফেলে দেন তিনি। ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা ডিজে’ সম্মাননা পান তিনি।

২০১৪ সালে সনিকা ‘ভল্লাগে’ নামে প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেন। গানটির কথা লিখেছেন তিনি নিজেই, আর সুর করেছেন শাহান। তারা দুজনেই এই গানে কণ্ঠ দিয়েছেন। ২০১৫ সালে তিনি ‘লাস্ট সিকোয়েন্স’ এবং ‘থ্রিপল এফ’ নামে দুটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান। ২০২১ সালে তিনি ডিজে আক্স-এর সাথে ‘ডান্স উইথ ইউ’ নামে একটি গান প্রকাশ করেন। ২০২২ সালে তিনি মারুফের সাথে ‘শীত শীত লাগে’ প্রকাশ করেন।

/জেএইচ/