শিরোনাম

দেশ ঘুরে এবার নরসিংদীতে ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক
দেশ ঘুরে এবার নরসিংদীতে ‘ইত্যাদি’
জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

শিকড়ের সন্ধানে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নরসিংদীতে। জেলার রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নির্মিত জমকালো মঞ্চে অনুষ্ঠানটির ধারণ সম্পন্ন হয়।

এই আয়োজনকে ঘিরে পুরো জেলাজুড়ে এক উৎসবমুখর আমেজ বিরাজ করছিল। নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থল দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হওয়ায় হাজারো দর্শক আশেপাশের ভবনের ছাদ, দেয়াল ও গাছের ডালে চড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অনুষ্ঠানটি উপভোগ করেন। স্থানীয়দের মতে, নরসিংদীতে এর আগে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন অভূতপূর্ব জনসমাগম দেখা যায়নি।

এবারের পর্বে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে একাধিক তথ্যভিত্তিক প্রতিবেদন রয়েছে, যার মধ্যে স্থান পেয়েছে প্রাচীন প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট এবং জেলার জিআই স্বীকৃত পণ্য অমৃতসাগর কলা ও লটকনের নানা খুঁটিনাটি। সাংস্কৃতিক পরিবেশনায় নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার ব্যান্ড বেঙ্গল সিম্ফনির ফোক-ফিউশন ধারার বিশেষ গান ছাড়াও থাকছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নরসিংদীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য নৃত্যগীত।

চিরায়ত কুইজ প্রতিযোগিতার পাশাপাশি এবারও সমসাময়িক বিভিন্ন সামাজিক অসঙ্গতি, দুর্নীতি ও ভাঙতি সংকট নিয়ে থাকছে শ্লেষাত্মক নাট্যাংশ ও কাশেম টিভির নিয়মিত পর্ব। এছাড়া খুলনার দৃষ্টিহীন প্রবীণ চিত্ত রঞ্জন মহালদারের অদম্য জীবনসংগ্রামের মানবিক গল্প এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নের বিশ্বখ্যাত দ্য পেঙ্গুইন প্যারেড নিয়ে একটি আকর্ষণীয় বিদেশি প্রতিবেদনও সাজানো হয়েছে এ পর্বে।

বরাবরের মতো হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ইত্যাদির নতুন পর্বটি শুক্রবার (৫ জুন) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

/এমএকে/