শিরোনাম

২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক
২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন
জ্যাকলিন ফার্নান্দেজ।

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন দিল্লির আদালত। এর ফলে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

৩০ মে ২০২৬ তারিখে অতিরিক্ত সেশনস জজ প্রশান্ত শর্মা জানান, তদন্তে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ রয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, সব অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে সন্দেহ তৈরি হয়েছে।

আদালত জানায়, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৩ অনুযায়ী জ্যাকলিনসহ অন্যদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা চলবে, যা ধারা ৪ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আগামী ৩ জুন সব অভিযুক্তকে আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়েছে।

তদন্ত সংস্থার দাবি অনুযায়ী, এই মামলার মূল অভিযুক্ত কনম্যান সুখেশ চন্দ্র শেখর। তিনি কারাগারে থেকেও ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে বিপুল অর্থ আদায় করেন। সেই প্রতারণার অর্থের একটি অংশ থেকে জ্যাকলিন ফার্নান্দেজ বিলাসবহুল উপহার ও আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তের ভাষ্য অনুযায়ী, সুখেশ চন্দ্র শেখরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জ্যাকলিনের। একইসঙ্গে দামি উপহার গ্রহণ করেছেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থের উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন– এমন অবস্থান থেকেই তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে।

তবে জ্যাকলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি এই মামলায় অজান্তে জড়িয়ে পড়েছেন এবং প্রতারণা চক্রের অংশ নন।

/এসআর/