শিরোনাম

শেষ মুহূর্তে বাতিল অনুপম রায়ের কনসার্ট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেষ মুহূর্তে বাতিল অনুপম রায়ের কনসার্ট
অনুপম রায়

প্রয়োজনীয় অনুমতি ও আইনি আনুষ্ঠানিকতা নেওয়া শেষ। আয়োজনও সম্পন্ন। দর্শকও ‘আমাকে আমার মতো থাকতে দাও’ কিংবা ‘তুমি যাকে ভালোবাসো’ শোনার জন্য প্রহর গুনছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে অনুপম রায়ের কনসার্ট বাতিল করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশে হঠাৎ করেই স্থগিত হয়ে গেল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি। আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই মেগা কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজনের দায়িত্বে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ছিল। তবে একেবারেই শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি আয়োজন না করার নির্দেশনা জারি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রিপল টাইম কমিউনিকেশন সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। এক পোস্টে তারা উল্লেখ করে, ‘সব অনুমোদন দেওয়ার পরও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুপম রায়ের শো বাতিল করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

তাদের দাবি, অনুষ্ঠানটি আয়োজনের জন্য সব ধরনের সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই যথানিয়মে শেষ করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটির অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ফলে বাধ্য হয়েই কনসার্টটি স্থগিত করা হয়েছে।

হুট করে কনসার্ট বাতিলের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন আয়োজক প্রীতম দে। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এর আগেও একবার অনুমতি দিয়ে কনসার্ট বাদ দেওয়া হয়। আবারও শেষ সময়ে অনুমতি স্থগিত করা হল। এতে হাজারো সংগীতপ্রেমী, আমাদের টিকেটধারী দর্শক, সহ-শিল্পী, স্পন্সর এবং সংশ্লিষ্ট অংশীদারদের সবার কাছে প্রতারক হলাম।’

তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে এটা মেনে নিয়েছেন বলেও জানান প্রীতম।

এদিকে ইতোমধ্যেই যারা টিকিট কিনেছেন, তাদের ক্ষতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তারা জানায়, ‘সব টিকিট ক্রেতাকে তাদের কেনা টিকিটের পুরো মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে। আগামী রবিবারের মধ্যে আমরা এর প্রক্রিয়াটি জানিয়ে দেব।’

/জেএইচ/