শিরোনাম

জুলাই কনসার্টে সংগীতশিল্পী হাসানকে বোতল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই কনসার্টে সংগীতশিল্পী হাসানকে বোতল নিক্ষেপ
জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে দর্শকসারি থেকে একটি বোতল ছুড়ে মারা হয়।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কনসার্টে পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মঞ্চে পারফর্ম করার সময় সংগীতশিল্পী হাসানের দিকে একটি পানিভর্তি বোতল ছুড়ে মারা হয়। বোতলটি সরাসরি তার মুখে আঘাত করে। তবে আকস্মিক এ ঘটনার পরও তিনি বিচলিত হননি। উল্টো গান থামিয়ে না দিয়ে স্বাভাবিকভাবেই পরিবেশনা চালিয়ে যান।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি লিখেন, মঞ্চে হাসান ও তার ব্যান্ডের পরিবেশনার সময় কেন কিছু মানুষ বোতল নিক্ষেপ করল? সামনের সারিতে থাকা একটি দল ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিল। তারা কারা এবং কী উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল?

দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স মাহমুদ লিখেন, এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। একজন শিল্পীর নির্বিঘ্ন পরিবেশনা নিশ্চিত করতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা যে কোনো আয়োজনের অন্যতম প্রধান শর্ত।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

/এসবি/