শিরোনাম

নেপালের বন্যার্তদের পাশে কে-পপ তারকা লি নো

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালের বন্যার্তদের পাশে কে-পপ তারকা লি নো
দক্ষিণ কোরিয়ার পপ তারকা লি নো

সুরের মুগ্ধতায় বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করার পাশাপাশি বিপদে মানুষের পাশে দাঁড়াতেও জুড়ি নেই লি নো-র। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘স্ট্রেই কিডস’-এর এই তারকা এবার নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাড়ালেন মানবিকতার হাত। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর মাধ্যমে দুর্গত পরিবার ও শিশুদের পাশে দাঁড়াতে ১০ কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৭২ হাজার ৬০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন তিনি। লি নো-র এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এই সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে।

কে-পপ তারকা জানান, তার এই ক্ষুদ্র প্রয়াস কঠিন সময়ে দুর্গতদের কিছুটা হলেও মানসিক শক্তি জোগাবে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, তার এ অর্থ দিয়ে বন্যাকবলিত এলাকায় জরুরি খাদ্য, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন সুবিধা দেওয়া হবে এবং গৃহহীনদের জন্য তৈরি করা হবে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

মানুষ বা প্রকৃতির বিপদে লি নো-র এগিয়ে আসা নতুন কিছু নয়। ২০১৪ সাল থেকেই তিনি নিয়মিত সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা করছেন। বিশ্বজুড়ে খাদ্য সংকট মোকাবিলা, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এমনকি প্রাণী কল্যাণেও তিনি একাধিকবার বড় অংকের অনুদান দিয়েছেন।

বর্তমানে বিশ্ব সফর এবং গান নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এ তারকা। সম্প্রতি তার ব্যান্ড ‘স্ট্রেই কিডস’-এর নতুন অ্যালবাম মর্যাদাপূর্ণ মার্কিন বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে সংগীতের আঙিনা মাতানোর পাশাপাশি আর্তমানবতার সেবায় এমন উদ্যোগ ভক্তদের হৃদয়ে তাকে বসিয়েছে নতুন এক উচ্চতায়।

/এমএকে/