শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ২ কনসার্ট, লাগবে না টিকিট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ২ কনসার্ট, লাগবে না টিকিট
কনসার্ট ফর ডেমোক্রেসি ও বর্ষা বিপ্লবের গান। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুটি উন্মুক্ত মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ৫ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। এছাড়া একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট। এতে সহযোগিতা করছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।

‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠান শুরু হবে বেলা ৩টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না।

এতে পারফর্ম করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। তারা হলেন- মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। মূল পর্বে পরিবেশনা করবে ছয়টি ব্যান্ড। উদ্বোধনী অংশে মঞ্চে উঠবে ব্যান্ড রে রে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকবে।

অন্যদিকে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকাল ৪টা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। অনুষ্ঠানে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেকে। পাশাপাশি একক শিল্পী হিসেবে দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র‍্যাপার সেজান। এ আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে।

/জেএইচ/