শিরোনাম

কলকাতার নন্দনে প্রশংসিত জীবন শাহাদাতের ‘সম্পর্ক’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কলকাতার নন্দনে প্রশংসিত জীবন শাহাদাতের ‘সম্পর্ক’
চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ

কলকাতার নন্দনে আয়োজিত ৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ।

গত ৩ জুলাই শুরু হওয়া এ উৎসবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মোট ১০৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নিয়েছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘সম্পর্ক’।

৭ জুলাই চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর পর দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। দেশভাগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী দেশত্যাগের স্মৃতি ও মানবিক অনুভূতির বিষয়গুলো উঠে আসায় অনেক দর্শক আবেগাপ্লুত হন বলে জানা গেছে।

প্রতিক্রিয়ায় পরিচালক জীবন শাহাদাৎ বলেন, ‘দুই বাংলার সম্পর্ক আত্মার ও আবেগের। আমি চলচ্চিত্রের মাধ্যমে মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্ব ও সম্মানের।’

তিনি আরও জানান, এই অর্জনের পেছনে সহযোগিতার জন্য বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি), ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়াসহ উৎসব-সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবটি আঞ্চলিক চলচ্চিত্র ও সংস্কৃতির বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরের মতো এবারও নতুন নির্মাতা ও ভিন্নধর্মী গল্পভিত্তিক চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে।

/এমআর/