শিরোনাম

বিয়ে করছেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
বিয়ে করছেন টেইলর সুইফট
টেইলর সুইফট এবং ট্রাভিস কেলসে। ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসে। ডেইলি মেইলের বরাতে জানা গেছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি আগামী ৩ জুলাই নিউইয়র্কে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

একটি সূত্র জানিয়েছে, বিয়ের ‘সেভ দ্য ডেট’ আমন্ত্রণপত্র পাঠানোর সময় অতিথিদের গোপনীয়তা রক্ষার জন্য একটি স্বাক্ষরিত নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) দিতে হয়েছে, যাতে বিয়ের কোনো তথ্য বাইরে ফাঁস না হয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) ঘিরে টেইলর সুইফটের দীর্ঘদিনের ভালোবাসার সঙ্গে মিল রেখে এই তারিখটি বেছে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিয়ের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি অ্যারেনা বা জাদুঘরের মতো বড় এবং ইনডোর ভেন্যুতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক ভক্ত আগে ধারণা করেছিলেন, টেইলর সুইফটের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের ম্যানশনে বিয়েটি হতে পারে, তবে নতুন তথ্য অনুযায়ী নিউইয়র্ককেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউইয়র্ক সিটির প্রতি টেইলর সুইফটের সম্পর্ক গভীর ও দীর্ঘদিনের। ২০১৪ সালে এই পপ তারকা প্রথম এখানে বসবাস শুরু করেন। ট্রিবেকায় পাশাপাশি দুটি পেন্টহাউস কিনে সেগুলো একত্র করে একটি বড় ডুপ্লেক্স তৈরি করেন। এই সুপারস্টার ২০১৪ সালের জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এর মাধ্যমে শহরটির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন।

নিউইয়র্কের গ্লোবাল ওয়েলকাম অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুইফট। তাকে প্রায়ই নিউইয়র্কের বিখ্যাত রেস্টুরেন্টগুলোয় তার তারকা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। এছাড়া ২০১৬ সালে গ্রিনউইচ ভিলেজের কর্নেলিয়া স্ট্রিটে বসবাসের অভিজ্ঞতা তার ২০১৯ সালের অ্যালবাম ‘লাভার’-এর একটি গানে উঠে আসে।

সূত্র অনুযায়ী, বিয়ের আয়োজন হবে বড় পরিসরে। টেইলর সুইফট নিজেও আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বড় আয়োজন পছন্দ করেন এবং ছোট বিয়েতে অতিথি কম হওয়ায় সম্পর্ক নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে।

বিয়েতে পরিবার ছাড়াও উপস্থিত থাকতে পারেন ট্রাভিস কেলসের সতীর্থ প্যাট্রিক মাহোমস ও তার স্ত্রী ব্রিটানি মাহোমস, পাশাপাশি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো।

জানা গেছে, ট্রাভিস কেলসে ২০২৩ সালে কানসাসে নিজের বাড়ির পেছনের আঙিনায় ঘনিষ্ঠ পরিবেশে টেইলর সুইফটকে বিয়ের প্রস্তাব দেন।

টেইলর সুইফট এর আগে জো অ্যালউইন, টেলর লটনার, হ্যারি স্টাইলস, জেক গিলেনহাল ও টম হিডলস্টনের সঙ্গে সম্পর্কে ছিলেন। অন্যদিকে ট্রাভিস কেলসে দীর্ঘদিন ইউটিউবার কায়লা নিকোলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/