শিরোনাম

হাইকোর্টে আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
হাইকোর্টে আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিয়াজের পক্ষে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২ মে রিয়াজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন পেশার মোট ২০১ জনকে আসামি করা হয়।

মামলায় রিয়াজ ছাড়াও আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ ১৪ অভিনয়শিল্পী।

এছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

/জেএইচ/