শিরোনাম

সিনেমার প্রিমিয়ারে কুকুরের হামলার শিকার রাভিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সিনেমার প্রিমিয়ারে কুকুরের হামলার শিকার রাভিনা
কুকুরসহ রাভিনা ট্যান্ডন

সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত নতুন ছবি ‘ওহ মাই ডগ’-এর বিশেষ প্রিমিয়ারে এসে প্রশিক্ষিত এক কুকুরের আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তবে হুট করে ঘটে যাওয়া এমন ভয়ংকর পরিস্থিতিতেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি যেভাবে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন, তা দেখে এখন প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

শুক্রবার (৭ আগস্ট) পরিচালক অমিত রাইয়ের এ ছবির মুক্তির আগে আয়োজিত বিশেষ প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সেই ‘সেলিব্রিটি’ কুকুরটি। পথকুকুর নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনে মূল ভূমিকা রাখা এ চার পায়ের অভিনেতা সেদিন বিশেষ অতিথি রাভিনার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যেই ফটোশুট সেশনে অংশ নেয়। মাটিতে হাঁটু মুড়ে বসে হাসিমুখে ছবি তোলার ঠিক পরপরই ঘটে অপ্রীতিকর ঘটনা। অভিনেত্রী যখন উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলেন, আচমকা কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে তার দিকে তেড়ে আসে এবং জামার হাতা কামড়ে ধরে।

হঠাৎ এমন আক্রমণে উপস্থিত সবাই আঁতকে উঠলেও রাভিনা ছিলেন একেবারেই শান্ত ও সংযত। কোনো রকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে তিনি পরম মমতায় হাত বাড়িয়ে কুকুরটিকে আদর করতে শুরু করেন এবং খুব দ্রুতই তাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। অনুরাগীদের মতে, চারপাশে এত মানুষের ভিড় দেখে হয়তো প্রাণীটি ভয় পেয়ে গিয়েছিল। তবে কোনো রকম হৈচৈ না করে রাভিনা যেভাবে ধৈর্য, ভালোবাসা ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা-ই একজন প্রকৃত প্রাণীপ্রেমীর আসল নিদর্শন।

/এমএকে/