শিরোনাম

৪৫০ কোটির ‘কিং’: মেয়ে সুহানার প্রথম ছবিতে যে চমক রাখছেন শাহরুখ খান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪৫০ কোটির ‘কিং’: মেয়ে সুহানার প্রথম ছবিতে যে চমক রাখছেন শাহরুখ খান
কিং সিনেমার পোস্টার

দীর্ঘ ৩ বছর পর ‘কিং’ ছবির মাধ্যমে আবারও বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। বর্তমানে জোরকদমে চলছে এ মেগা প্রজেক্টের শুটিং। এটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তুমুল হাইপ তৈরি হয়েছে। এই ছবির অন্যতম বড় আকর্ষণ হলো শাহরুখ-কন্যা সুহানা খানের বলিউড ডেবিউ। মেয়ের প্রথম ছবিকে নিখুঁত ও স্মরণীয় করে তুলতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন কিং খান। প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে মেয়ের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। আগস্টের মধ্যে শুটিং পর্ব শেষ করে শুরু হবে এর পোস্ট প্রোডাকশনের কাজ।

গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি শাহরুখের ক্যারিয়ারের এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট হতে চলেছে। প্রায় ৪৫০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত ছবিটির নির্মাণব্যয় জনপ্রিয় ‘জওয়ান’ (৪০০ কোটি) এবং ‘পাঠান’ (৩৫০ কোটি)-কেও ছাড়িয়ে যাচ্ছে। তবে এ মেগা বাজেটের মধ্যে প্রচারের খরচ এবং শাহরুখের নিজস্ব পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্বমানের ভিএফএক্সের দায়িত্ব সামলাচ্ছে শাহরুখের নিজস্ব সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। পাশাপাশি, বলিউডে এর আগে দেখা যায়নি এমন দুর্দান্ত ও চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য উপহার দিতে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক স্টান্টদলকে। শুরুতে পরিকল্পনা কিছুটা সাধারণ থাকলেও, শেষ পর্যন্ত ছবিটিকে অনেক বড় ক্যানভাসে রূপ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ‘কিং’ নামটি প্রথমে সাজিদ নাদিয়াদওয়ালার একটি প্রজেক্টের জন্য নিবন্ধিত ছিল, যা কবির খানের পরিচালনায় হৃতিক রোশনকে নিয়ে তৈরি হওয়ার কথা ছিল। পরবর্তীতে সেই প্রজেক্টটি আর না হওয়ায় নাদিয়াদওয়ালা এর রাইটস রেড চিলিজের কাছে বিক্রি করে দেন। পোস্টার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শক মহলে কৌতূহল তুঙ্গে। শাহরুখ ও সুহানা ছাড়াও এ তারকাখচিত সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জী, অনিল কাপূর এবং জ্যাকি শ্রফ। এছাড়া টলিউড থেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জীকে। শচীন-জিগরের সঙ্গীত পরিচালনায় ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘কিং’।

/এমএকে/