শিরোনাম

দিল্লিতে তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
দিল্লিতে তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা
মুসকান (বামে)

ভারতের দিল্লিতে মুসকান নামের এক তরুণীকে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর তার জিম প্রশিক্ষক নিখোঁজ রয়েছেন। এজন্য তাকে প্রধান সন্দেহকারী হিসেবে খুঁজছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরে এ ঘটনা ঘটে। ২১ বছর বয়সী মুসকান একজন শিক্ষার্থী। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বাড়িতে একা ছিলেন মুসকান। এ সময় হামলাকারী ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপ-পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত বলেন, ‘আমরা অপরাধীকে খুঁজছি। তদন্তের অংশ হিসেবে পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।’

মুসকানের বন্ধু আমান জানান, ‘মুসকান তিন বোনের মধ্যে সবার ছোট ছিল। ঘটনার খবর পেয়ে তার এক বোন আমাকে কল করে তাদের বাড়িতে যেতে বলে। তারা বাড়িতে নেই জানিয়ে বলে, কেউ ঘরে ঢুকে মুসকানকে ছুরিকাঘাত করেছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত জিম ট্রেইনার কিছুদিন ধরেই মুসকানকে উত্যক্ত ও হয়রানি করছিলেন। ফলে পরিবারের সন্দেহ ওই ট্রেইনারের দিকে।’

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/