শিরোনাম

নতুন গান নিয়ে আইনি জটিলতায় বাদশা

সিটিজেন ডেস্ক
নতুন গান নিয়ে আইনি জটিলতায় বাদশা
র‍্যাপার বাদশা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশা আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার একটি হারিয়ানভি গান নিয়ে বিতর্কের জেরে তার বিরুদ্ধে পানিপথ ও পঞ্চকুলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গানের কথায় যৌন ইঙ্গিত এবং স্কুলছাত্রীদের উপস্থাপনাকে ঘিরে আপত্তি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন।

গত ১ মার্চ বাদশার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাটেরি’ নামের একটি হারিয়ানভি গান প্রকাশ করা হয়। গানটির ভিডিওতে দেখা যায়, একদল ছাত্রী কাঁধ থেকে স্কুলব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্য ঘিরেই মূল বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে এমন নাচের দৃশ্য ছোট শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা দিতে পারে।

হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাদশার নতুন গানে ব্যবহৃত কিছু শব্দ অত্যন্ত আপত্তিকর এবং এতে স্পষ্ট যৌন ইঙ্গিত রয়েছে। তার মতে, এ ধরনের গান তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলতে পারে। এ কারণে কমিশনের পক্ষ থেকে পানিপথ পুলিশে গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া পঞ্চকুলার অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ভিডিওতে স্কুলছাত্রীদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা কুরুচিপূর্ণ।

এই অভিযোগের ভিত্তিতে গায়কের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। আগামী ১৬ মার্চ মামলাটির প্রথম শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাদশার জন্য আইনি বিতর্ক এটিই প্রথম নয়। এর আগে প্রবীণ শিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি’ গানটি নতুনভাবে তৈরি করে কপিরাইট ও লোকসংগীতের অবমাননার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন গান ‘টাটেরি’কে ঘিরে আবারও আইনি লড়াইয়ের মুখে পড়লেন এই জনপ্রিয় র‍্যাপার।

/এসএ/