শিরোনাম

ককরোচ আন্দোলনে সরব বলিউড তারকারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ককরোচ আন্দোলনে সরব বলিউড তারকারা
বলিউড তারকা। ছবি: সিজেডএন গ্রাফিক্স

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও অ্যাক্টিভিস্টদের পাশাপাশি তরুণদের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারাও। একাধিক অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন, এমনকি তাদের সঙ্গে আন্দোলনে শরিকও হয়েছেন।

কেউ আন্দোলনে পুলিশি আক্রমণের সমালোচনা করে সামাজিকমাধ্যমে পোস্ট দিচ্ছেন, আবার কেউ নিজেদের অনুষ্ঠান বাতিল করেছেন। কেউ আবার সরাসরি আন্দোলনে গিয়ে শিক্ষার্থীদের মনোবল বাড়াচ্ছেন।

ছাত্র আন্দোলনের পক্ষে বলিউডে সবার প্রথমে সংহতি জানানো তারকাদের মধ্যে রয়েছেন খল অভিনেতা প্রকাশ রাজ। তিনি সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শাবানা আজমিও। এছাড়া আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন।

তবে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম ছিল সংগীতশিল্পী অরিজিৎ সিং-এর বার্তা। বিক্ষোভে পুলিশের আক্রমণের পর তিনি খুব সংক্ষিপ্ত অথচ আবেগঘন এক বার্তা দেন। সেখানে জনপ্রিয় এই গায়ক লেখেন, ‘পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এ বার নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে।’

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। আন্দোলনরত হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে এই বার্তা ছিল এক গুরুত্বপূর্ণ নৈতিক সমর্থন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গায়ক আরমান মালিকও। তবে প্রতিবাদের কণ্ঠস্বর শুধু সংগীতজগতেই সীমাবদ্ধ ছিল না। বলিউডের প্রবীণ এবং সমকালীন শিল্পীদের একটি বড় অংশও প্রকাশ্যে সরব হয়েছেন।

দিয়া মির্জা, হুমা কুরেশি, বির দাস, সোনু সুদ, সোহা আলি খান, অদিতি রাও হায়দরি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নাফিসা আলি, সোনি রাজদান, আয়েশা খান, স্বানন্দ কিরকিরেসহ একাধিক শিল্পী ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছেন। আন্দোলনে অংশ নিয়ে ধুরন্ধর অভিনেত্রী আয়েশা খান আটক হন। যদিও পরে মুক্তি পেয়েছেন। শাবানা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, অনশনরতদের পাশে বসেন।

প্রকাশ রাজ মঞ্চে উঠে বলেন, ‘আমি আপনাদের সঙ্গেই আছি।’ এই তালিকায় আরও উলে­খযোগ্য নাম দিলজিৎ দোসাঞ্জ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ছাত্রদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত ছিল না।

/জেএইচ/