শিরোনাম

আন্দোলনে নতুন মোড়, উঠতে পারে মোদির পদত্যাগ দাবি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলনে নতুন মোড়, উঠতে পারে মোদির পদত্যাগ দাবি
মাইক্রোফোন হাতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক (ইনসেটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগে করা আন্দোলন নতুন মোড় নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনের কেন্দ্রস্থল নয়াদিল্লির যন্তরমন্তরে তিনি বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না বলেও সতর্ক করেন তিনি।

সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে সিজেপির প্রতিষ্ঠাতা বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি খরচ করেছে, তা প্রশ্নফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচত। আন্দোলন শুরুর এতদিন পর মোদির মন্তব্য করা এবং অযোগ্য মন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলেও অভিহিত করেছেন তিনি।

এদিকে সংকট কাটাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। সিজেপির সঙ্গে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা। তবে আন্দোলনকারীরা তা ফিরিয়ে দিয়েছেন। তাদের দাবি কোনো মন্ত্রীর বাসভবন বা অফিসে গিয়ে নয়, আলোচনা হতে হবে যন্তর মন্তর কিংবা যেকোনো নিরপেক্ষ স্থানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/