শিরোনাম

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আমির খান
আমির খান এবং গৌরী স্প্র্যাট

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে করছেন তিনি।

তবে এবারের বিয়ে জাঁকজমকপূর্ণ করতে চান না ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ খ্যাত এই তারকা। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে তিনি ও গৌরী বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন।

আমির বলেন, ‘খুবই ব্যক্তিগত পরিবেশে অত্যন্ত সাদামাটাভাবে রেজিস্ট্রি বিয়ে হবে। এতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা।’

এদিকে বিয়ের বিষয়ে ফাঁস হওয়ায় অনেকটা চটেছেন এই অভিনেতা। তিনি বলেন, তারকাদের, বিশেষ করে ক্রিকেটার এবং অভিনেতাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। মানুষের আমাদের কাজে আগ্রহী হওয়া উচিত, আমাদের ব্যক্তিগত জীবনে নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো তা আমি জানি না। আজকাল কোনো কিছুই গোপন থাকে না।’

আমির খান ও গৌরী স্প্র্যাটের গল্প দুই দশকেরও বেশি পুরনো। প্রায় ২৫ বছর আগে দুজনের প্রথম দেখা হয়েছিল। কিন্তু একসময় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর তাদের আবার যোগাযোগ হয় এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়।

অভিনেতা ২০২৫ সালের মার্চ মাসে ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এদিন তিনি প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন। তারপর থেকে এই জুটি একসঙ্গে কয়েকটি অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হলেও তাদের ব্যক্তিগত জীবনকে মূলত প্রচারের আড়ালেই রেখেছেন।

নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরী সম্পর্কে বলতে গিয়ে আমির বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল। ও অসাধারণ, ওর সঙ্গে আমি শান্তি অনুভব করি। যদিও (প্রাক্তন স্ত্রী) কিরণ রাও এবং রীনা দত্তের সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। আপনি যখন জিজ্ঞেস করলেন, আমার মনে হলো যে আমি খুব সৌভাগ্যবান যে গৌরী আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে খুব সুখী। আমার মনে হচ্ছে আমি অবশেষে পূর্ণ হয়েছি।’

আমির খান ১৯৮৬ সাল রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ে টিকেছিল ২০০২ সাল পর্যন্ত। ওই ঘরে জুনাইদ খান ও ইরা খান নামে দুটি সন্তান রয়েছে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে এই দম্পতি বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ঘরে আজাদ রাও খান নামে একটি ছেলে আছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/