শিরোনাম

কাজের চেয়ে মানুষ আমার ওজন দেখে: অঞ্জলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কাজের চেয়ে মানুষ আমার ওজন দেখে: অঞ্জলি
বলিউড অভিনেত্রী অঞ্জলি আনন্দ

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি মুক্তির আগেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। ১০ জুলাই মুক্তি পেতে যাওয়া এই ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে ছবির ‘শাড়ি’ গানে পারফর্ম করার পর থেকেই তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রচলিত ছিপছিপে গড়নের না হওয়ায় দর্শক তার অভিনয়ের চেয়ে ওজনের দিকেই বেশি নজর দিচ্ছে, যা নিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন খোদ অভিনেত্রী।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, সমাজ এখনও এমন এক জায়গায় আটকে আছে যেখানে কাজের চেয়ে মানুষের বাহ্যিক অবয়ব ও ওজনকে বড় করে দেখা হয়। তবে এই সংকীর্ণ ধারণাকে ভুল প্রমাণ করতেই তিনি নিয়মিত অভিনয় করে যেতে চান। তার মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না পড়া নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের এখনও অনেক কিছু করার বাকি আছে। একজন অভিনেত্রীর শরীর নয়, বরং তার অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তোলার মতো গল্প ও চরিত্র নির্মাণ এখন সময়ের দাবি।

কেবল স্থূলতা নয়, চেহারা ও বাহ্যিক রূপ নিয়ে সমাজের নানা বিদ্রূপের দিকেও আঙুল তুলেছেন অঞ্জলি। তিনি উল্লেখ করেন, মোটা হওয়ার পাশাপাশি অতিরিক্ত রোগা হওয়া, গায়ের রং, মাথার চুল বা পোশাকের ব্র্যান্ড নিয়ে মানুষকে প্রতিনিয়ত হেয় করা হয়। এই চর্চা হয়তো পুরোপুরি বন্ধ হবে না, তবে ভিন্নধর্মী কাজের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য নিয়ে অঞ্জলি মোটেও বিচলিত নন। ট্রলিংয়ের বিষয়টি আগে থেকেই অনুমান করে মানসিকভাবে প্রস্তুত থাকায় নিন্দুকদের মন্তব্যকে তিনি কোনো পাত্তাই দিচ্ছেন না।

/এমএকে/