শিরোনাম

সব জল্পনার অবসান ঘটিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
সব জল্পনার অবসান ঘটিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক দিন ধরে তার কানে যাওয়া নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন ও সংশয় তৈরি হয়েছিল। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মেয়ের সঙ্গে তার উপস্থিতি সে আলোচনায় জল ঢেলে দিয়েছে।

দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের দূত হিসেবে কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া। তবে এবার উৎসবের শুরুতে তাকে দেখা না যাওয়ায় আলিয়া ভাটসহ অন্য তারকাদের সেই ব্র্যান্ডের হয়ে লালগালিচায় হাঁটতে দেখা গেছে। এমনকি ব্র্যান্ডটির সাম্প্রতিক প্রচারণামূলক ভিডিওতে আলিয়ার উপস্থিতি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন এবার হয়তো ঐশ্বরিয়া থাকছেন না। তবে সব সংশয় দূর করে শেষ পর্যন্ত কানের উদ্দেশ্যেই পাড়ি জমালেন এ বৈশ্বিক তারকা।

এদিকে কানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ঐশ্বরিয়ার আগমনকে কেন্দ্র করে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অভিনেত্রীকে একনজর দেখতে সেখানে হঠাৎ করেই পাপারাজ্জি ও ভক্তদের ভিড়ে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে এক ব্যক্তির পায়ের চটি খুলে গেলে তা দেখে ঐশ্বরিয়া থমকে দাঁড়ান। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইশারায় চটিটি কার তা জানতে চান এবং পাপারাজ্জিদের সাবধানে কাজ করার অনুরোধ করেন।

শত ব্যস্ততা ও ভিড়ের মাঝেও এক ভক্তের সেলফি তোলার অনুরোধ সানন্দে রক্ষা করেন সাবেক এ বিশ্বসুন্দরী। এরপর ক্যামেরায় পোজ দিয়ে এবং হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ঐশ্বরিয়ার এমন অমায়িক সৌজন্যবোধ ও দায়িত্বশীল আচরণ নেটিজেনদের প্রশংসায় ভাসছে। অনুরাগীদের অনেকেই মন্তব্য করেছেন, ঐশ্বরিয়া ছাড়া কানের মঞ্চ একেবারেই অসম্পূর্ণ এবং তিনি একাই পুরো নেটদুনিয়া কাঁপানোর জন্য প্রস্তুত।

/এমএকে/