শিরোনাম

এপস্টেইন নিয়ে কঙ্গনার ক্ষোভ

বিনোদন ডেস্ক
এপস্টেইন নিয়ে কঙ্গনার ক্ষোভ
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

আলোচিত এপস্টেইন ফাইলস ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সম্পর্কিত নথিতে প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার দুনিয়ার তথ্য প্রকাশিত হওয়ার পর অনেকেই ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে কঙ্গনা নিজের ক্ষোভ প্রকাশ করেন। এপস্টেইন ফাইলে উল্লেখিত তথ্যগুলোকে তিনি বিরক্তিকর হিসেবে বর্ণনা করে লিখেছেন, ‘এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া এবং জানা সত্যিই অতি কষ্টদায়ক। অপরাধ সবখানেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা যেন কোনো ফ্যাশন।’

শৈশবের আইকনদের এমন জঘন্য কর্মকাণ্ডে হতাশ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি- সেই সব সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ ও পরিচালকরা কীভাবে অল্পবয়সী নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাত, তা ভাবলে গা শিউরে ওঠে। বিখ্যাত ও ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে আমার ধারণা পুরোপুরি বদলে গেছে।’

বিশ্বের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব হতাশ। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা খুঁজে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত, ভারতের কৃষ্টি-কালচার, মূল্যবোধ এবং সনাতন ধর্মই হলো সেই সমাধান, যা আজ সারা বিশ্ব খুঁজছে।’

কঙ্গনা আরও বলেন, ‘আমাদের পুরাণের সুর-অসুর আর দেবতা-রাক্ষসের গল্পগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। এখন মানুষকে বেছে নিতে হবে তারা ঈশ্বরের পক্ষে থাকবে নাকি দানবদের।’

/জেএইচ/