ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, শেখাবেন অভিনয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, শেখাবেন অভিনয়
নিজের ইউটিউব চ্যানেলে প্রশিক্ষক ও শিক্ষার্থী দুই ভূমিকাতেই দেখা গেছে সালমান খানকে

বলিউড সুপারস্টার সালমান খান নিজের ইউটিউব চ্যানেল খুললেন। ‘বিয়িং সালমান খান’ নামের এই চ্যানেলের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন পথ তৈরি করলেন খ্যাতিমান এই অভিনেতা। নিজের অভিনয়শৈলী, শরীরী ভাষা, সংলাপ বলার ধরন ও পর্দার পরিচিত অঙ্গভঙ্গি নিয়ে মজার ছলে ভক্তদের পাঠ দিচ্ছেন তিনি।

এরই মধ্যে চ্যানেলটিতে নিজের প্রথম কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতেও চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের এটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা।

চ্যানেলের প্রথম ভিডিওতে সালমান খানকে দেখা গেছে দ্বৈত ভূমিকায়। একটি চরিত্রে তিনি অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী।

ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলের লিংক শেয়ার করে সালমান লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড, সবকিছুই এখানে পাওয়া যাবে।’

চ্যানেলটি চালুর পর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এরই মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।

চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের দৃশ্য এবং প্রচলিত পর্দার বাইরের জীবন তুলে ধরতে এ প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারা।

ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, কার্তিক আরিয়ানের মতো তারকাদের।

নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে সাফল্য পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। তার ইউটিউব চ্যানেলে তারকাদের বাড়িতে গিয়ে রান্না করা, তাদের সঙ্গে আড্ডা এবং ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা গল্প তুলে ধরা হয়। এসব ভিডিওতে আরও দেখা ফারাহ খানের রাঁধুনি দিলীপকে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে।

/টিই/