শিরোনাম

আমির খানের তৃতীয় বিয়ে রবিবার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আমির খানের তৃতীয় বিয়ে রবিবার
আমির খান ও গৌরী স্প্র্যাট

আগামীকাল ৫ জুলাই তৃতীবারের মতো বিয়ে করছেন বলিউড সুপারস্টার আমির খান। পাত্রী দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট। তবে জাঁকজমকপূর্ণ নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে নতুন অধ্যায় শুরু করতে চাইছেন এই যুগল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুবই ব্যক্তিগত পরিবেশে অত্যন্ত সাদামাটাভাবে রেজিস্ট্রি বিয়ে হবে বলে জানিয়েছেন আমির খান। এতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা। সবমিলিয়ে ১০০ থেকে ১৫০ জন অতিথি থাকতে পারে।

অনুষ্ঠানে তার সন্তানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানি।

অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু সবকিছুই আমির ও গৌরীই ঠিক করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ। দুজনেই নিজেদের প্রিয় খাবারগুলো মেনুতে রাখতে চেয়েছেন।

বৃহস্পতিবার নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেছেন আমির খান। তিনি বলেন, ‘একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা সুখে থাকতে পারি, জীবনের নতুন পথচলা যেন সুন্দর হয়।’

আমির খান ও গৌরী স্প্র্যাটের গল্প দুই দশকেরও বেশি পুরনো। প্রায় ২৫ বছর আগে দুজনের প্রথম দেখা হয়েছিল। কিন্তু একসময় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর তাদের আবার যোগাযোগ হয় এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়।

অভিনেতা ২০২৫ সালের মার্চ মাসে ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এদিন তিনি প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন। তারপর থেকে এই জুটি একসঙ্গে কয়েকটি অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হলেও তাদের ব্যক্তিগত জীবনকে মূলত প্রচারের আড়ালেই রেখেছেন।

নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরী সম্পর্কে বলতে গিয়ে আমির বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল। ও অসাধারণ, ওর সঙ্গে আমি শান্তি অনুভব করি। যদিও (প্রাক্তন স্ত্রী) কিরণ রাও এবং রীনা দত্তের সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। আপনি যখন জিজ্ঞেস করলেন, আমার মনে হলো যে আমি খুব সৌভাগ্যবান যে গৌরী আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে খুব সুখী। আমার মনে হচ্ছে আমি অবশেষে পূর্ণ হয়েছি।’

আমির খান ১৯৮৬ সাল রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ে টিকেছিল ২০০২ সাল পর্যন্ত। ওই ঘরে জুনাইদ খান ও ইরা খান নামে দুটি সন্তান রয়েছে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে এই দম্পতি বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ঘরে আজাদ রাও খান নামে একটি ছেলে আছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

/জেএইচ/