শিরোনাম

চুপচাপ বসে আমার রিলস দেখো আর কাঁদতে থাকো: রাখিকে কঙ্গনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
চুপচাপ বসে আমার রিলস দেখো আর কাঁদতে থাকো: রাখিকে কঙ্গনা
রাখি সাওয়ান্ত ও কঙ্গনা রানাওয়াত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ক্যারিয়ারে খুব বেশি সিনেমা না করলেও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও ক্ষমতাসীন বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাখি। সেই মন্তব্যের জবাবে রাখি সাওয়ান্তকে দিয়ে কিছু হবে না এবং চুপচাপ বসে তার (কঙ্গনার) রিলস দেখতে ও কাঁদতে বলেছেন বিজেপির সংসদ সদস্য কঙ্গনা।

পডকাস্টে স্মৃতি ইরানি ও কঙ্গনার রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাখি। বলেন, ‘স্মৃতি-কঙ্গনাদের মতো মহিলারা এমন কী দিয়েছেন, যার বিনিময়ে তাদের মন্ত্রী বানানো হয়েছে? তারা যা দিয়েছেন, আমিও তো সেটা দিতে পারি।’ এ সময় রাখি হাত দিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেনে রাখির এমন মন্তব্যের পর বলিপাড়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক বিতর্ক শুরু হয়। বিষয়টি নজরে আসে কঙ্গনারও।

রাখির মন্তব্যের সমালোচনা করে কুইন খ্যাত এই অভিনেত্রী সামাজিকমাধ্যমে লেখেন, ‘শুধু রাখি নন, অসফল এবং তিক্ত মানসিকতার অনেকেই সফল নারীদের চরিত্রহনন করতে তৎপর হন- নিজেদের ঈর্ষা, ব্যর্থতা ও অহমবোধকে তুষ্ট করার জন্য। তবে এ ধরনের ইচ্ছাকৃত আক্রমণ ও প্রকাশ্যে চরিত্রহননের ঘটনায় আর চুপ করে থাকা উচিত নয়। অপমানিত বোধ করা কিংবা বারবার নিজেদের ব্যাখ্যা দেওয়াও বন্ধ করার সময় এসেছে।’

এরপর রাখিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি সাফল্যের জন্য সবকিছু করতে প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্যবশত, তোমার কাছ থেকে কারও কিছুই প্রয়োজন নেই। মনে রেখো, তোমার সব ফেভার মিলিয়েও কিন্তু একটা ঝাড়ুদার বা সাফাইকর্মীর চাকরিও জোটেনি। এর জন্যও নির্দিষ্ট প্রতিভার প্রয়োজন হয়।’

সবশেষে কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘তোমাকে দিয়ে কিছু হবে না! তাই চুপচাপ বসে আমার রিলস দেখো আর কাঁদতে থাকো।’

/জেএইচ/