শিরোনাম

প্রথম শ্রেণিতে ফিরল লটারি, দ্বিতীয় শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রথম শ্রেণিতে ফিরল লটারি, দ্বিতীয় শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

এতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিল করা হবে। সব শ্রেণিতে নতুন ভর্তি পদ্ধতি চালুর কথাও জানানো হয়েছিল। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রথম শ্রেণিতেও ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

ওই ঘোষণার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই শিশুদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের সহায়তা নিতে শুরু করেন। পরে মন্ত্রী নামমাত্র পরীক্ষা নেওয়ার কথা বললেও উদ্বেগ পুরোপুরি কাটেনি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম শ্রেণিতে আবারও লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, কোচিংনির্ভরতা কমানো এবং ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২০১১ সালে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করা হয়েছিল। প্রায় সাড়ে চার মাস আগে তা বাতিলের ঘোষণা দেওয়া হলেও নতুন সিদ্ধান্তে প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারি পদ্ধতিই বহাল থাকছে।

/এসবি/