শিরোনাম

জাকসু ভিপি জিতুসহ একাধিক হল সংসদ নেতার বিএনপিতে যোগদান

জাবি প্রতিনিধি
জাকসু ভিপি জিতুসহ একাধিক হল সংসদ নেতার বিএনপিতে যোগদান
জাকসু ভিপি আবদুর রশিদ জিতুসহ একাধিক হল সংসদের ভিপির ছাত্রদলে যোগদান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে কয়েকটি হল সংসদের প্রতিনিধিও দলটিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আবদুর রশিদ জিতু। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুর রশিদ জিতু বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। আমি আগেই ঘোষণা দিয়েছিলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে এমন একটি রাজনৈতিক শক্তির সঙ্গেই ভবিষ্যতে রাজনীতি করব।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, জাতীয়তাবাদী দল বিএনপি এই চারটি ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে ধারণ করে। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।’

জাকসু ভিপি আরও বলেন, ‘বাংলাদেশপন্থি রাজনীতি ও জনগণের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম জাতীয়তাবাদী দলের মাধ্যমেই সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমিক রাজনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, গণঅভ্যুত্থানে তার ভূমিকা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।’

অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এখানে আজকে যারা বিএনপি ও ছাত্রদলে যোগদান করেছেন তাদের সবার একটা পরিচয় হচ্ছে, আমরা সবাই জুলাই যোদ্ধা। ক্যাম্পাসে আমরা সবাই মিলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই।’ কোনো ধরনের গুপ্ত রাজনীতি আমরা চাই না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাকসুর নেতাদের বিএনপি ও ছাত্রদলে যোগদানের ঘটনা অবশ্যই ছাত্রদলকে উজ্জ্বীবিত করবে।’

এ সময় নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জি এম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক ছাত্রদলে যোগদান করেন।

এছাড়া নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম ছাত্রদলে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মো. মাসুদ রানা এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডলও ছাত্রদলে যোগ দিয়েছেন। তবে তারা ওই দিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

/জেএইচ/