শিরোনাম

পর্দা উঠলো বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পর্দা উঠলো বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলার
বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলার একটি স্টল

বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য রাজধানীতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ‘ফেয়ার কনভেনার প্রেজেন্টস ৬৪তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৬’। যা আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১ এ ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’-স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী এই শিক্ষামেলার উদ্বোধন করা হয়।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষামেলায় দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, স্কলারশিপ, টিউশন ফি, ভিসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিস্তারিত তথ্য জানার সুযোগ পাচ্ছেন।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে একই ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ইউরোপিয়ান এডুকেশন এক্সপো, মালয়েশিয়ান এডুকেশন এক্সপো এবং ইউকে এডুকেশন এক্সপো। এতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে আগ্রহীরা সরাসরি তথ্য সংগ্রহ করতে পারছেন।

মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি এবং ভিআইটি মরিশাস। এছাড়া বিভিন্ন দেশের উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান ও শিক্ষা সেবাদানকারী সংস্থাগুলোও অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের তাৎক্ষণিক কাউন্সেলিং, আবেদন গ্রহণ, স্কলারশিপ সংক্রান্ত তথ্য এবং স্টুডেন্ট ভিসা বিষয়ে পরামর্শ দিচ্ছে।

এ আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে স্টাডিজা এবং পরিবেশবান্ধব উদ্যোগ 'লক্ষ্য এক কোটি বৃক্ষ' কর্মসূচিও যুক্ত হয়েছে।

আয়োজকরা জানান, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ভরযোগ্য তথ্য পাওয়া। অনেক শিক্ষার্থী ভুল তথ্য বা অপর্যাপ্ত পরামর্শের কারণে ক্ষতির মুখে পড়েন। এ ধরনের শিক্ষামেলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি শিক্ষামেলা আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সহায়তা করা। ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’ এই লক্ষ্য নিয়েই আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মেধার কোনো অভাব নেই। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা বিশ্বের যেকোনো প্রান্তে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী এই আয়োজন কার্যকর দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

/এসবি/