শিরোনাম

‘গবেষণা খাতে বরাদ্দ নেই’ এমন তথ্য সঠিক নয়: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘গবেষণা খাতে বরাদ্দ নেই’ এমন তথ্য সঠিক নয়: ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লোগো

২০২৬–২৭ অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি- এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মোট ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। তাই গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি- এমন সংবাদ সঠিক নয়। গবেষণা খাতে দ্বৈততা পরিহারের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা প্রকল্পে অর্থায়নের পদ্ধতি আরও সহজ, স্বচ্ছ ও গবেষক-বান্ধব করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার কিংবা বিষয়ভিত্তিক বৈচিত্র্য ক্ষুণ্ন হবে না।

এতে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরে গবেষণা খাতে অর্থ ছাড়ের জন্য গত ২ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো নির্দেশনায় বাজেট প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করা, জ্যেষ্ঠ গবেষকদের সঙ্গে উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলা এবং গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজন ও সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় রাখা।

/এসবি/