শিরোনাম
খুলনা বিশ্ববিদ্যালয়

ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

খুবি সংবাদদাতা
খুবি সংবাদদাতা
ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ওই হলের এক ক্যান্টিনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।

এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবারের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াশরুমে একটি মোবাইল ফোন দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তারা মোবাইল ফোন পরীক্ষা করে দেখেন ভিডিও ধারণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা হলের ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে অভিযুক্তকে হলের ভেতরে আটকে রাখা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া গেছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করতেন এবং সেসব ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠাতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ছাত্রী হলের মতো একটি সংরক্ষিত স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, ছাত্রী হলে বহিরাগত ও বিভিন্ন সেবাদানকারী কর্মীদের প্রবেশে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, সিসিটিভির ক্যামেরায় পর্যবেক্ষণ বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয় ’২৪ হলের প্রাধ্যক্ষ বলেন, ‘ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

/বিবি/