শিরোনাম

এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ২৫.২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ২৫.২ শতাংশ
ছবি: এআই

এপ্রিল মাসের প্রথমার্ধে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। সে হিসেবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৩ ও ১৪ এপ্রিল এই দুই দিনেই দেশে এসেছে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। মাসের মাঝামাঝি সময়ে এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতার জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছির ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আমদানি ব্যয় সামাল দেওয়া, বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানো এবং আর্থিক খাতে স্থিতি ধরে রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিসংখ্যান বলছে, চলতি মাসে প্রবাসী আয় আগের বছরের তুলনায় আরও শক্ত অবস্থানে রয়েছে। তথ্যভিত্তিক এই মূল্যায়ন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

/বিবি/