শিরোনাম

নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, কমতে পারে শুল্ক

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, কমতে পারে শুল্ক
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা (ছব:সংগৃহীত)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৯ ফেব্রুয়ারি এই চুক্তি অনুষ্ঠান হতে পারে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কহার নিয়ে সমঝোতা হয় দুই দেশের; তবে চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন সেই চুক্তি সই হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ছেন। তাঁরা আগে জাপান যাবেন। ৬ ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (বিজেইপিএ) সই হবে। সেখান থেকেই তাঁরা ওয়াশিংটনে যাবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে রবিবার (১ ফেব্রুয়ারি) এ কথা জানা গেছে।

সচিবালয়ে রবিবার বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারিখ পেয়েছি। চুক্তির খসড়া এবং এ তারিখে সই করার জন্য অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি।’

পাল্টা শুল্কের হার কত হওয়ার সম্ভাবনা আছে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘২০ শতাংশ আছে। কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর চেয়ে বেশি। আশা করছি হার কিছু কমবে। তবে নিশ্চিত বলতে পারব না ৯ ফেব্রুয়ারির আগপর্যন্ত।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান সিটিজেন জার্নালকে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি দরকষাকষি করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে আরও কমিয়ে আনতে পারে, তাহলে তা দেশের জন্য ভালো হবে। অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিল। তাই তারা এ আলোচনা যদি শেষ করে দিয়ে যায় তাহলে নির্বাচিত সরকারের জন্য পরে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুবিধা হবে। তবে তারা আমাদের কতটুকু ছাড় দিবেন সে বিষয়টি স্পষ্ট হওয়া দরকার, যা তারা (যুক্তরাষ্ট্র) প্রথম পর্বে করেনি।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে আনার চুক্তির বিষয়টিকে দেশের পোশাক ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে দেখছেন। এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল সিটিজেন জার্নালকে বলেন, ‘পত্রপত্রিকার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার কমে আসতে পারে বলে জানতে পেরেছি। শুল্ক হার কমলে আমাদের জন্য সুবিধা হবে। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করলে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা শুনেছি। যদি তাই হয়, সেটাও আমাদের জন্য ভালো হবে।’

/বিবি/