শিরোনাম

২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
রপ্তানি উন্নয়ন ব্যুরো।

সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৮০০ কোটি ১৯ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কম। একইসঙ্গে দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের জুলাই-জুন মাসে কমেছে দেশের রপ্তানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ০.৫৮ শতাংশ। আর বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার।

তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে ১.৬৪ শতাংশ

বিদায়ী অর্থবছরের জুলাই থেকে জুন মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ১ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলার। আর তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ২ হাজার ৬২ কোটি ৩৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ২ দশমিক ৫৩ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার।

এছাড়া, ১ হাজার ৮০৭ কোটি ৭৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ৬১ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলার।

এদিকে, সদ্যবিদায়ী জুন মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ৭৭ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ২৭৮ কোটি ৭৭ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৮৪ কোটি ১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ১৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এছাড়া ১৫৪ কোটি ৭৫ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৪ দশমিক ০২ শতাংশ।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্যের রপ্তানি কমলেও হোম টেক্সটাইল এবং চামড়া, চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে।

চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৭ দশমিক ০৯ শতাংশ। জুলাই-জুন মাসে রপ্তানি হয়েছে ১২২ কোটি ৬২ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

আর হোম টেক্সটাইলের রপ্তানি আয় ৬ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৮৪ লাখ ডলারে। তবে কৃষি পণ্যের রপ্তানি আয় ১ দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭ কোটি ৫৩ লাখ ডলারে।

এদিকে, সদ্যবিদায়ী জুন মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪২০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।

/এফআর/