লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম
প্রতীকী ছবি

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। যা গত মাসে ছিলো ১৬৫ টাকা ৬৫ পয়সা।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

/এসবি/