শিরোনাম

বেক্সিমকো ফার্মার স্থগিতাদেশ প্রত্যাহার করলো লন্ডন স্টক এক্সচেঞ্জ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
বেক্সিমকো ফার্মার স্থগিতাদেশ প্রত্যাহার করলো লন্ডন স্টক এক্সচেঞ্জ
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর)-এর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে শুক্রবার (২৬ জুন) থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন পুনরায় শুরু হয়েছে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা বাংলাদেশের একমাত্র কোম্পানি, যা ২০০৪ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলসিই) তালিকাভুক্ত হয়। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদনসমূহ নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।

লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো সিকিউরিটিজ টানা ৬ মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে তার তালিকাভুক্তি বাতিল হতে পারে। সে অনুযায়ী আগামী ২ জুলাই ছিল নির্ধারিত সময়সীমার শেষ দিন।

এ প্রেক্ষাপটে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানায়। একইসঙ্গে তারা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহযোগিতা কামনা করেন। ডিবিএর দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়।

ডিবিএর উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদন ও প্রকাশ করা সম্ভব হয়। এর মাধ্যমে কোম্পানির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হয় এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ স্থগিতাদেশ প্রত্যাহার করে জিডিআর লেনদেন পুনরায় চালু করার অনুমোদন দেয়।

ডিবিএ বিশ্বাস করে, এই সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানসহ সংশ্লিষ্ট সবাইকে ডিবিএর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

ডিবিএ আশা করে, সরকার বাংলাদেশের পুঁজিবাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দেবে। একইসঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগবান্ধব নীতি, কার্যকর সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

/এফসি/