ঘরে বসেই পাওয়া যাবে ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করতে পারবেন যারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঘরে বসেই পাওয়া যাবে ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করতে পারবেন যারা
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়।

সাধারণত জামানত ছাড়া ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যায় না। আর ঋণের জন্য যেতে হয় ব্যাংকে। পোহাতে হয় ঝক্কি। কিন্তু এবার জামানত এবং ব্যাংকে যাওয়া ছাড়াই ঘরে বসে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ঋণ পাওয়ার এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করে গত ৯ নভেম্বর এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। নতুন এই নির্দেশনায় স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে গ্রাহকরা ঋণের আবেদন ও তা গ্রহণের সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে।

এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

অন্যদিকে, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।

ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা

‘ই-ঋণ’ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।

এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও অগ্রাধিকার পাবেন।

প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনাই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য। বিশেষ করে যাদের পক্ষে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

/বিবি/