শিরোনাম

জুলাইয়ে বিদেশি ঋণ প্রাপ্তির ‘তিন গুণ’ পরিশোধ করেছে বাংলাদেশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জুলাইয়ে বিদেশি ঋণ প্রাপ্তির ‘তিন গুণ’ পরিশোধ করেছে বাংলাদেশ
প্রতীকী ছবি

বিদেশি ঋণ ছাড়ের গতি কমে যাওয়ায় জুলাই মাসে বাংলাদেশ নতুন করে যে পরিমাণ ঋণ পেয়েছে, তার প্রায় তিন গুণ অর্থ পরিশোধ করেছে। এ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে ৪৫৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার। বিপরীতে ঋণ পেয়েছে ১৮০ মিলিয়ন ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাইয়ে পরিশোধ করা ঋণের পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় সামান্য বেড়েছে। গত বছরের জুলাইয়ে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ৪৪৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল সরকার।

অন্যদিকে, চলতি বছরের জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার পরিমাণ কমেছে। গত বছরের একই সময়ে ২০৮ মিলিয়ন ডলার ঋণ পাওয়া গেলেও এবার তা কমে ১৮০ মিলিয়ন ডলারে নেমেছে।

নতুন ঋণ ছাড়ের চিত্র আরও দুর্বল। জুলাইয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ থেকে নতুন ঋণ হিসেবে মাত্র ১৪ মিলিয়ন ডলার ছাড় হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নতুন ঋণ ছাড় কমেছে প্রায় ৮৩ শতাংশ।

জুলাইয়ে মোট যে ১৮০ মিলিয়ন ডলার বিদেশি ঋণ এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ৬৫ মিলিয়ন ডলার দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংক দিয়েছে ৪৭ মিলিয়ন ডলার। জাপানের কাছ থেকে এসেছে ৩৯ মিলিয়ন ডলার এবং ভারত দিয়েছে ২৭ মিলিয়ন ডলার।

এদিকে ঋণ পরিশোধের চাপ বাড়লেও নতুন ঋণ ছাড় কমে যাওয়ায় সরকারের বৈদেশিক অর্থায়নের প্রবাহে ধীরগতি দেখা যাচ্ছে। ফলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থছাড় এবং বিদ্যমান ঋণের দায় পরিশোধ—দুই দিকের ব্যবধান জুলাইয়ে আরও স্পষ্ট হয়েছে।

/এমআর/