বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে 
বাদ পড়লেন সালমান এফ রহমান
সালমান এফ রহমান। ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় ওই দুই প্রতিষ্ঠানের পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। তাতে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়েন সালমান এফ রহমান। এবার তিনি বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারের তালিকাভুক্ত অপর দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়লেন।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির আলাদা আলাদা আবেদনের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়। তাতে দুই প্রতিষ্ঠানের পুনর্গঠিত পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ পড়েন। শাইনপুকুর সিরামিকসের পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সালমান এফ রহমানের ভাই আহমেদ সোহেল ফসিহুর রহমানকে (এ এস এফ রহমান)। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। উল্লেখিত ব্যক্তিরা কোম্পানিটির উদ্যোক্তা হিসেবে পর্ষদে জায়গা পেয়েছেন।

শাইনপুকুর সিরামিকসের পর্ষদে থাকা উদ্যোক্তা পরিচালকেরা বেক্সিমকোর পুনর্গঠিত পর্ষদেও রয়েছেন। বেক্সিমকো লিমিটেডেরও চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান)। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে পর্ষদে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী। এ ছাড়া উদ্যোক্তা পরিচালক হিসেবে পুনর্গঠিত পর্ষদে স্থান পেয়েছেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। এর বাইরে স্বতন্ত্র পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির পর্ষদে রাখা হয়েছে শাহ মঞ্জুরুল হক ও আরেকজনকে। দুই স্বতন্ত্র পরিচালকের মধ্যে একজনের নাম উল্লেখ করা হলেও আরেকজন এখনো চূড়ান্ত হয়নি।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার নিজ প্রতিষ্ঠান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ পড়লেন। বর্তমানে সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে বাদ পড়ার আগে গত বছরের জুলাইয়ে সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্চিত’ ঘোষণা করে বিএসইসি।

/বিবি/