যাত্রাবাড়ী থেকে ১০ ককটেল উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যাত্রাবাড়ী থেকে ১০ ককটেল উদ্ধার
উদ্ধার হওয়া ককটেল

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতির মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনে গলির মাথা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল দেখতে পায়। পরে বোম ডিসপোজল ইউনিট সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

কে বা কারা কী উদ্দেশ্যে ককটেলগুলো রেখেছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পরে যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর গণমাধ্যমকে জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ বলে ধারণা করেন তারা।

এছাড়া বাবুবাজার, বঙ্গবাজার ও গুলিস্তান এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়াও এদিন রাত ১০টার দিকে কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

/জেএইচ/