মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে হামলা, গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে হামলা, গ্রেপ্তার ২৬
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে হকারদের সাথে সংঘর্ষ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট ও আশপাশের এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। ৪টি মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মিরপুর মডেল থানার ওসি জানান, বুধবারের (৩০ সেপ্টেম্বর) সংঘর্ষের ঘটনায় মিরপুর মডেল থানায় ৩টি এবং কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানার তিন মামলার দুটির বাদী পুলিশ এবং অন্য মামলাটি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে, কাফরুল থানার মামলাটি দায়ের করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০এ ফুটপাত দখলমুক্ত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের সময় হোপ মার্কেটের পাশে বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের নিচে থাকা ভাসমান দোকানপাট সরানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় ভেকুর আঘাতে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হকারদের সঙ্গে তাদেরও সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন সাংবাদিকসহ পুলিশ সদস্য আহত হন।

/এসবি/