জাগৃক কর্মচারী শাহীন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাগৃক কর্মচারী শাহীন বরখাস্ত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) হিসাব সহকারী মো. মোস্তফা কামাল শাহীন

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) হিসাব সহকারী মো. মোস্তফা কামাল শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাগৃকের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মোস্তফা কামাল তীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) ঢাকা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের অধীনে কর্মরত ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা-২০০৫ এর ৪৩(৪) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি খোরাকী ভাতা পাবেন।

এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) মোস্তফা কামালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৪০ থেকে ৫০ জন জড়িত ছিলো। প্রাথমিক তদন্তে মোস্তফা কামালের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, মোস্তফা কামাল ‘শাহীন ভাইয়ের সমর্থক গোষ্ঠী’ নামে একটি অনলাইন পেজ পরিচালনা করেন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে অর্থের যোগান দিতেন। মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তিনি অর্থ দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

এছাড়া, রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা ও মোহাম্মদপুর থানায় করা পৃথক তিনটি মামলায় তার নাম রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেছে পুলিশ।

/এসবি/