শিরোনাম

‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
‘ভয়ংকর অপরাধী’  হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দেশটির জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির প্রেক্ষিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত এক বছরে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে আটক করেছে। এদের মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধে সাজা খাটার রেকর্ড রয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ধর্ষণ, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, জালিয়াতি, মাদক পাচার এবং সশস্ত্র ডাকাতির মতো গুরুতর অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

ডিএইচএসের ডেপুটি সেক্রেটারি লরেন বেস বলেন, ‘যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে, যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো স্থান নেই। তাঁরা সমাজের জন্য মারাত্মক হুমকি।’

ডিএইচএসের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিদের মধ্যে আছেন কানসাসের ফোর্ট স্কটের কাজী আবু সাঈদ। তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। এরপর আছেন নর্থ ক্যারোলিনার রেলির শহীদ হাসান। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গোপন অস্ত্র বহন এবং দোকানে চুরি করেছেন । নিউইয়র্কের বাফেলোর মোহাম্মদ আহমেদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিউ ইয়র্ক সিটির কুইন্সের মো. হোসেনের বিরুদ্ধেও যৌন নিপীড়নের, ভার্জিনিয়ার চ্যান্টিলির মেহতাবউদ্দিন আহমেদের বিরুদ্ধে গাঁজা এবং হ্যালুসিনোজেনিক ড্রাগ বিক্রি, টেক্সাসের মার্লিনের নওয়াজ খানের বিরুদ্ধে বিপজ্জনক মাদক সংক্রান্ত, ফ্লোরিডার পেন্সকোলার শাহরিয়ার আবিরের বিরুদ্ধে চুরি, মিশিগানের মাউন্ট ক্লেমেন্সের আলমগীর চৌধুরীর বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতি, ভার্জিনিয়ার মানাসাসের ইশতিয়াক রফিকের বিরুদ্ধে অস্ত্র আইন লঙ্ঘন এবং অ্যারিজোনার ফিনিক্সের কনক পারভেজের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই অভিযান মূলত তাদের ধরার জন্য চালানো হচ্ছে যারা জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

/বিবি/